
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি বড় অ্যান্ডোর্সমেন্ট বা আন্তর্জাতিক অনুমোদন হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইয়ার্স আইজাবসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, সারা দেশে এখন নির্বাচনের জোয়ার বইছে এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও জানান, এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে, যা ভোটার উপস্থিতি বা টার্নআউট ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তার মতে, ইইউর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারের পর্যবেক্ষক পাঠানো নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করবে।